সংসদে দুই বেসরকারি বিল প্রত্যাহার: ‘জুয়া ও মাদক নিয়ন্ত্রণে বিদ্যমান আইনই যথেষ্ট’
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ জুলাই) : জাতীয় সংসদে উত্থাপনের পরপরই প্রত্যাহার করে নেওয়া হয়েছে ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) আইন, ২০২৬’ এবং ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) অ্যাক্ট, ২০২৬’ নামের দুটি বেসরকারি বিল।
বৃহস্পতিবার (৯ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ২২তম কার্যদিবসে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিল দুটি উত্থাপন করেন।
তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে পরবর্তীতে তিনি বিল দুটি ফিরিয়ে নেন।
বিল প্রত্যাহারের যৌক্তিকতা তুলে ধরে আইনমন্ত্রী সংসদে জানান, প্রস্তাবিত বিল দুটির মূল উদ্দেশ্য ও কার্যকারিতা দেশের বিদ্যমান আইনেই সুন্দরভাবে প্রতিফলিত রয়েছে। তিনি উল্লেখ করেন, চলতি অধিবেশনেই ইতিমধ্যে ‘জুয়া আইন, ২০২৬’ পাস করা হয়েছে। পাশাপাশি, মদ্যপান ও মদ্যজাতীয় পানীয় নিয়ন্ত্রণের কঠোর বিধান ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারাগুলোতে সুনির্দিষ্টভাবে যুক্ত আছে। ফলে একই বিষয়ে নতুন করে আর কোনো আইন প্রণয়নের প্রয়োজনীয়তা নেই।
আইনমন্ত্রীর এই বক্তব্যের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, বিলের প্রস্তাবক নিজেই এটি প্রত্যাহারে সম্মত হওয়ায় বিল দুটি আর ভোটের টেবিলে যাচ্ছে না।
উত্থাপিত ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) আইন, ২০২৬’ বিলটিতে বলা হয়েছিল—জনস্বাস্থ্যের সুরক্ষা, পারিবারিক ও সামাজিক অবক্ষয় রোধ এবং তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে দেশে মদ ও জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা জরুরি।
সংবিধানের ১৮ অনুচ্ছেদের আলোকে নৈতিকতা ও জনস্বাস্থ্যের মানোন্নয়নে বিলটি আনা হয়েছিল, যেখানে বলা হয় মদ ও জুয়ার আসক্তি যুবসমাজের নৈতিক মূল্যবোধ ও কর্মক্ষমতা ধ্বংসের পাশাপাশি অপরাধপ্রবণতা বাড়িয়ে দিচ্ছে।
অন্যদিকে, ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) অ্যাক্ট, ২০২৬’ বিলটিতে ময়নাতদন্তের প্রচলিত ধারায় পরিবর্তন এনে আধুনিক ও শরিয়তসম্মত পদ্ধতি অনুসরণের প্রস্তাব করা হয়েছিল। বিশেষ করে, নারীদের মরদেহ পর্দার আড়ালে ময়নাতদন্ত করার বিধান এবং সড়ক, নৌ বা রেল দুর্ঘটনায় কেউ প্রাণ হারালে স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই ধর্মীয় রীতি অনুযায়ী দাফন বা সৎকারের সুযোগ রাখার দাবি জানানো হয়েছিল বিলটিতে।
মনোয়ারুল হক/
