সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ জুলাই) : সরকারি অনুষ্ঠানমালার প্রচারণায় এবার বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে যেকোনো সরকারি আয়োজনের ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক প্রচারণার চেয়ে অনুষ্ঠানের মূল ভাবার্থ, উদ্দেশ্য এবং জনস্বার্থসংশ্লিষ্ট বার্তাকে সাধারণ মানুষের সামনে সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলার ওপর জোর দিয়েছে সরকার।
আজ রবিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে এই কঠোর নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মসূচির প্রচারণার কাজে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর কোনো ছবি (তা থ্রিডি বা অন্য যেকোনো বিশেষ আঙ্গিকই হোক না কেন) ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর পরিবর্তে প্রচারসামগ্রীর নকশা বা ডিজাইন এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের মূল লক্ষ্য ও বার্তাটি জনসাধারণের কাছে নিখুঁতভাবে পৌঁছায়। যেকোনো প্রচারণার ক্ষেত্রে মূল বিষয়বস্তুকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ স্পষ্ট করেছে যে, এই নির্দেশনাটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। দেশের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত সরকারি সংস্থাকে বাধ্যতামূলকভাবে এই নতুন নিয়ম মেনে চলতে হবে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সরকারি প্রচার-প্রচারণায় ব্যক্তিকেন্দ্রিক প্রচারের প্রবণতা অনেকাংশে কমে আসবে। এর পরিবর্তে জনগণের জন্য প্রয়োজনীয় তথ্য, উন্নয়নমূলক বার্তা ও সেবামূলক বিষয়গুলো প্রচারের আলোয় বেশি প্রাধান্য পাবে।
মনোয়ারুল হক/
