নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ জুলাই) : জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত পঞ্চম ‘জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন’ (ইউএন-কপস)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সম্মেলনে অংশ নেওয়ার উদ্দেশ্যে আজ ৫ জুলাই রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদল।
দুই দিনব্যাপী (৭-৮ জুলাই) গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফর শেষে আগামী ১২ জুলাই মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
আগামী ৮ জুলাই (বুধবার) জাতিসংঘের সাধারণ পরিষদ হলে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এই মূল পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন। এবারের আসরে বৈশ্বিক পুলিশিংয়ের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে, যার মধ্যে রয়েছে—‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’। মূল অধিবেশনের পাশাপাশি সম্মেলন উপলক্ষে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বিশেষ নৈশভোজেও স্বরাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরকালে নিউইয়র্কে জাতিসংঘের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সালাহউদ্দিন আহমদ। এর মধ্যে জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর নাম উল্লেখযোগ্য। এ ছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার দ্বিপাক্ষিক আলোচনার সূচি রয়েছে।
এসব উচ্চপর্যায়ের বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা, বাংলাদেশ পুলিশের সক্রিয় অংশগ্রহণ, পেশাদারিত্ব ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, বিশ্ব শান্তিরক্ষায় ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা দ্বিপাক্ষিক বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।
মনোয়ারুল হক/
