উন্নত দেশের মতো চিকিৎসাসেবা দিতে না পারা দুঃখজনক: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ জুলাই) : স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের সাধারণ মানুষকে উন্নত বিশ্বের মানসম্পন্ন চিকিৎসা সুবিধা প্রদান করতে না পারাকে অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রবিবার (৫ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর চিকিৎসায় লাগসই প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

অনুষ্ঠানে চিকিৎসাক্ষেত্রে দেশের পরনির্ভরশীলতার চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগ নির্ণয়ের অতিপ্রয়োজনীয় সরঞ্জাম থেকে শুরু করে সমুদ্র গবেষণার আধুনিক যন্ত্রপাতি— সবই আমাদের এখনও বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। বিশেষ করে প্যাথলজি বা রোগ নির্ণয় খাতটি এখনও বেশ নড়বড়ে, যার কারণে চিকিৎসা উপকরণের জন্য আমাদের প্রতিনিয়ত বিদেশের ওপর নির্ভর করতে হয়। এই পরনির্ভরশীলতা কাটিয়ে চিকিৎসাসেবা উন্নত করতে স্থানীয় পর্যায়ে চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ব্যাপক গবেষণার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে চিকিৎসা খাতের যেকোনো নতুন উদ্ভাবন ও সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধরনের আর্থিক প্রণোদনা ও সহযোগিতা দিতে আন্তরিকভাবে আগ্রহী বলে জানান তিনি।

দেশের চিকিৎসকদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমাদের পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকা সত্ত্বেও বর্তমান জনবল অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছে। তবে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে দ্রুততম সময়ের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো জরুরি।

চিকিৎসায় আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়ে তিনি দেশের গবেষক ও বিজ্ঞানীদের বৈজ্ঞানিক ও টেকসই পদ্ধতিতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন নতুন পথ খোঁজার তাগিদ দেন এবং প্রয়োজনে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়ার আশ্বাস দেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ