সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ জুলাই) : বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, যুগোপযোগী ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই লক্ষ্য অর্জনে রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ ও সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
৫ জুলাই (রবিবার) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বাণীতে রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের। সেই সাথে নিজ দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী পিজিআরের সকল বীর সদস্যদের প্রতিও তিনি অন্তরের অন্তস্তল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সংগঠনটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রপ্রধান বলেন, স্বাধীনতার ঘোষক, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর হাত ধরেই পিজিআর এক নতুন রূপ লাভ করে এবং এর বিকাশ ঘটে। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও উৎকর্ষ সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাষ্ট্রপতি আরও স্মরণ করেন ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সেই নির্মম ঘটনা। সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত হামলায় কর্তব্যরত অবস্থায় পিজিআরের পাঁচজন সদস্যও শহিদ হয়েছিলেন। তিনি তাদেরসহ দেশের জন্য জীবন দেওয়া সকল বীর আত্মার শান্তি কামনা করেন।
এ ছাড়া, নিজের বাণীতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি আহত ও চিকিৎসাধীনদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মনোয়ারুল হক/
