আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিলেন তিন ছেলে, নিরাপত্তা শঙ্কায় অনুপস্থিত মোজতবা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৫ জুলাই) : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় এই শোকাবহ অনুষ্ঠানে অংশ নিয়েছেন খামেনির তিন সন্তান— মাসউদ খামেনি, মেইসাম খামেনি ও মোস্তফা খামেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাবার শেষ বিদায়ে তিন ভাই উপস্থিত থাকলেও, খামেনির আরেক ছেলে এবং তার ঘোষিত উত্তরসূরি মোজতবা খামেনিকে এই অনুষ্ঠানে দেখা যায়নি। ইরানি প্রশাসন জানিয়েছে, তীব্র নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই তিনি জানাজায় যোগ দেওয়া থেকে বিরত ছিলেন।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মূলত মোজতবাকে আর জনসমক্ষে দেখা যায়নি। তেহরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, ইসরায়েলের পক্ষ থেকে মোজতবা খামেনিকে হত্যার সুনির্দিষ্ট হুমকি রয়েছে, যার ফলে তার সার্বিক সুরক্ষার স্বার্থেই তাকে আড়ালে রাখা হয়েছে।

এদিকে, খামেনির জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার আহমাদ ভাহিদিসহ দেশের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

অন্যদিকে, মোজতবা খামেনি শারীরিকভাবে জনসমক্ষে উপস্থিত না থাকলেও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে তার প্রভাব স্পষ্ট। ইরানের সরকারি গণমাধ্যমগুলোতে নিয়মিতই তার নামে বিভিন্ন লিখিত বার্তা প্রকাশ করা হচ্ছে।

তেহরানের দাবি অনুযায়ী, এসব বার্তার মাধ্যমেই তিনি বর্তমানে দেশ পরিচালনা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করছেন। সূত্র: আল-জাজিরা

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ