আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৪ জুলাই) : বিগত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের চূড়ান্ত অবসান ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, এই গণজাগরণের মাধ্যমে দলটির রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তার দাফন হয়েছে দিল্লিতে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে ঘটিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে খুব দ্রুতই আইনি ও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপট টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমাদের সবাইকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক তার লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে।’
মনোয়ারুল হক/
