জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৪ জুলাই) : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের সাফল্য কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, বরং তা দেশের আপামর গণতন্ত্রকামী ও শান্তিকামী মানুষের সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের যৌথ উদ্যোগে ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ অর্থাৎ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণসভায় গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের পরিবারের সদস্যরা মঞ্চে এসে তাঁদের স্বজন হারানোর লড়াকু ও বেদনাদায়ক স্মৃতিচারণ করেন। এ সময় এক শহীদ জননী তাঁর সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে পুরো মিলনায়তনে এক হৃদয়বিদারক ও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দর্শক সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও এ সময় নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি; শহীদ পরিবারের আকুতি ও স্মৃতিচারণ শুনে তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে বিগত দিনের স্মৃতি চারণ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর আগে তাঁকে জোরপূর্বক দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি তাঁর অনেক পুরোনো সহকর্মী এবং প্রিয় ছাত্রনেতাদের আর খুঁজে পাননি, যাঁদের অনেকেই আজ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন।
বিগত ১৭ বছরে তাঁর নিজের, পরিবারের এবং দেশের সাধারণ মানুষের ওপর যে নির্মম অবিচার করা হয়েছে, তা উল্লেখ করে তিনি বলেন, মহান আল্লাহ আজ তাঁকে এর জবাব বা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়েছেন। তবে তিনি ব্যক্তিগত কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন।
জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া এই সরকার প্রধান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিচারের নামে যেন কোনো রূপ অবিচার না হয়, সেদিকে কঠোর নজর রাখা হবে। আইনি প্রক্রিয়া মেনে কিছুটা সময় লাগলেও প্রতিটি অপরাধীর সঠিক ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে তাঁর সরকার বদ্ধপরিকর।
মনোয়ারুল হক/
