স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ জুন) : জাতীয় মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-কে আরও আধুনিক, স্বনির্ভর এবং যুগোপযোগী করে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২৮ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসো কার্যালয়ে এক আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই তাগিদ দেন। কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই প্রধানমন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড ও চলমান অগ্রগতির চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এরপর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাঁদের সর্বশেষ বৈজ্ঞানিক উদ্ভাবন, গবেষণা এবং বর্তমান প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্পারসোকে এমন একটি শক্তিশালী ও কার্যকর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে যা জাতীয় নিরাপত্তা রক্ষা ও দেশের সামগ্রিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, স্পারসো বাংলাদেশের মহাকাশ বিজ্ঞান, স্যাটেলাইট বা উপগ্রহ প্রযুক্তি এবং রিমোট সেন্সিং (দূর অনুধাবন) প্রযুক্তির বিকাশ ও বাস্তব প্রয়োগে নিয়োজিত একমাত্র রাষ্ট্রীয় শীর্ষ প্রতিষ্ঠান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ