৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ জুন) : দেশের অর্থনীতিতে গতি ফেরাতে এবং দুর্নীতিবাজদের লুকিয়ে রাখা অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলে ফিরিয়ে আনতে একটি যুগান্তকারী প্রস্তাব এসেছে জাতীয় সংসদে। চলমান বাজার থেকে প্রচলিত ৫০০ ও ১০০০ টাকার নোট সম্পূর্ণ বাতিল করার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তার মতে, বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের সময়ে পাচার ও পুঞ্জীভূত হওয়া কালো টাকার প্রবাহ রুখতে এবং মানিলন্ডারিং প্রতিরোধে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার খোকন বলেন, বর্তমানে একটি বড় চক্র ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিপুল পরিমাণ নগদ টাকা অবৈধভাবে জমা করে রেখেছে। এমনকি যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের হাতেও রয়েছে বিপুল অঙ্কের নগদ অর্থ। এই পরিস্থিতিতে সরকার যদি আগামী ১ থেকে ২ মাসের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ জারি করে, তবে স্থবির হয়ে পড়া বিশাল অঙ্কের অর্থ মূল ধারার অর্থনীতিতে ফিরে আসতে বাধ্য।
এমপি খোকন আরও প্রস্তাব করেন, যাদের কাছে থাকা অর্থের কোনো বৈধ উৎস নেই, তারা যেন ২০ থেকে ২৫ শতাংশ কর প্রদানের মাধ্যমে সেই টাকা ব্যাংকিং ব্যবস্থায় এনে বৈধ করার সুযোগ পান। এর ফলে একদিকে যেমন ব্যাংকগুলোর তীব্র তারল্য সংকট কাটবে, অন্যদিকে বিনিয়োগের পরিধি বেড়ে সামগ্রিক অর্থনীতি চাঙ্গা হবে।
অর্থ পাচার রোধের বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, কেবল বিদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার পেছনে ছুটলেই হবে না; বরং দেশের ভেতরেই এমন একটি নিরাপদ আর্থিক ও আইনি পরিবেশ তৈরি করতে হবে যাতে মানুষ এখানেই বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ, অর্থ সব সময় তার নিরাপত্তার জায়গাটুকু খুঁজেই ধাবিত হয়।
এ সময় দেশের ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে চাহিদার তুলনায় ব্যাংকের সংখ্যা অনেক বেশি। জনগণের করের টাকায় আইসিইউতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই। এর চেয়ে বরং ব্যাংকের সংখ্যা কমিয়ে এনে পুরো আর্থিক খাতকে আরও সুসংহত, দক্ষ ও কার্যকর করার জোরালো দাবি জানান তিনি।
মনোয়ারুল হক/
