মেসির রেকর্ড গোলে আর্জেন্টিনার জয়, ভাঙলেন অনন্য রেকর্ড
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ জুন) : একপেশে দাপট দেখিয়ে শতভাগ জয়ে বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করল ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। এরপর এক গোল হজম করলেও, বদলি নামা লিওনেল মেসির রেকর্ডগড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে লিওনেল স্কালোনির দল।
বিশ্বকাপের মঞ্চে আরও একবার নিজের জাদুকরী শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে মাঠে নেমে জাল কাঁপিয়ে চলতি টুর্নামেন্টে নিজের ষষ্ঠ গোলের দেখা পেয়েছেন ৩৯ বছর বয়সী এই খুদেরাজ। আর এই একটি গোলের ওপর ভর করেই ফুটবল ইতিহাসের পাতায় এক নতুন মাইলফলক যোগ করলেন তিনি। বিশ্বমঞ্চে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোল করার এক অবিশ্বাস্য ও অনন্য রেকর্ড এখন মেসির দখলে, যা এর আগে ইতিহাসের কোনো ফুটবলার করে দেখাতে পারেননি।
শুধু এই ঐতিহাসিক রেকর্ডই নয়, ব্যক্তিগত অর্জনের দিক থেকেও টুর্নামেন্টের বাকি সবাইকে ছাড়িয়ে গেছেন এলএমটেন। ৬ গোল নিয়ে চলমান আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার শীর্ষে আছেন তিনি। গোল্ডেন বুট জয়ের এই মহালড়াইয়ে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে স্পষ্ট ২ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
ক্যারিয়ারজুড়ে অজস্র ট্রফি আর রেকর্ডের স্তূপ জমা করলেও, মেসির সমৃদ্ধ ট্রফি ক্যাবিনেটে এখনও একটি ‘গোল্ডেন বুট’ অধরাই রয়ে গেছে। তবে চলতি বিশ্বকাপে তার যে বিধ্বংসী রূপ, তাতে ক্যারিয়ারের সেই একমাত্র অপূর্ণতা ঘুচিয়ে অধরা ট্রফিটি নিজের করে নেওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে আছেন এই ফুটবল কিংবদন্তি।
মনোয়ারুল হক/
