বিদেশ সফরে দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই ছিল মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ জুন) : সদ্য সমাপ্ত বিদেশ সফরে ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া ছিল না, বরং দেশের মানুষের স্বার্থ রক্ষাই ছিল একমাত্র লক্ষ্য—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফর থেকে অর্জিত যেকোনো সাফল্যকে বাংলাদেশের সাধারণ মানুষের অর্জন হিসেবে অভিহিত করেছেন তিনি।
আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের (দ্বিতীয় অধিবেশন) ১৬তম কার্যদিবসে এক ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের জবাবে সংসদ নেতা এসব কথা বলেন। ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম ছয় দিনের সরকারি সফর সফলভাবে সম্পন্ন করায় জাতীয় সংসদের পক্ষ থেকে তাঁকে এই অভিনন্দন জানানো হয়। বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের এই বৈঠকটি শুরু হয়।
সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দল ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতিতে বিশ্বাসী। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, আমরা প্রতিটি মুহূর্তে তাদের সেই স্বার্থ সমুন্নত রাখার চেষ্টা করেছি।” এ সময় গঠনমূলক ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতাসহ সংসদের সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর এই সফল সফরের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন। পরবর্তীতে দীর্ঘ আলোচনা শেষে প্রস্তাবটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই সফরটিকে দেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন। সবশেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন ও সম্ভাবনাময় দিগন্তের সূচনা করেছে।
মনোয়ারুল হক/
