বর্ষায় বাড়ছে খুশকির প্রকোপ, চুলের যত্নে ৫ অভ্যাস
লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ জুন) : বর্ষার রিনিঝিনি বৃষ্টির আমেজ মন ভালো করলেও, এই স্যাঁতসেঁতে আবহাওয়া চুলের জন্য ডেকে আনে চরম ভোগান্তি। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং গুমোট পরিবেশের কারণে এ সময় স্ক্যাল্প বা মাথার ত্বক হয়ে ওঠে ছত্রাক ও ব্যাকটেরিয়ার অবাধ চারণভূমি। বাতাসে ভেসে বেড়ানো ধূলিকণা সহজেই চুলে আটকে যায় এবং ত্বকের স্বাভাবিক তেলের সঙ্গে মিশে তৈরি করে খুশকির অবাধ্য সাম্রাজ্য। ফলে বর্ষায় খুশকির উপদ্রব এবং চুল পড়ার সমস্যা এক লাফে বহুগুণ বেড়ে যায়। অনেকেই ভাবেন কেবল রোজ শ্যাম্পু করলেই বুঝি এই সমস্যার সমাধান সম্ভব, কিন্তু বাস্তবে তা নয়। বিউটি বিশেষজ্ঞদের মতে, খুশকির স্থায়ী সমাধান পেতে হলে কেবল প্রসাধন ব্যবহার করলেই চলবে না, বরং দৈনন্দিন জীবনযাত্রার ৫টি ক্ষতিকর অভ্যাস এখনই বদলে ফেলা জরুরি।
১. অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু এড়িয়ে চলা
অনেকেরই ধারণা, খুশকি নাশক শ্যাম্পু ব্যবহার করলে চুল অতিরিক্ত রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। এই ভয়ে অনেকেই বিশেষায়িত শ্যাম্পু ব্যবহার থেকে দূরে থাকেন। তবে মনে রাখা জরুরি, সাধারণ শ্যাম্পু দিয়ে বর্ষার জেদি খুশকি দূর করা অসম্ভব। তাই চুলের ক্ষতি এড়াতে নিজের স্ক্যাল্পের ধরন বুঝে একটি ভালো মানের অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু বেছে নিন এবং নিয়ম মেনে ব্যবহার করুন।
২. তেল মালিশে অবহেলা
শ্যাম্পু করার আগে চুলে তেল না দেওয়ার অভ্যাসটি চুলের স্বাস্থ্যের জন্য বড় ধাক্কা। মাথার ত্বকের পিএইচ (pH) ভারসাম্য ঠিক রাখতে তেলের ভূমিকা অনন্য। তাই শ্যাম্পু করার অন্তত আধঘণ্টা আগে সামান্য উষ্ণ তেল চুলে ও স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে নিন। সপ্তাহে অন্তত তিন দিন এই নিয়ম মেনে চললে খুশকি যেমন কমবে, তেমনি চুল ফিরে পাবে তার হারিয়ে যাওয়া পুষ্টি ও উজ্জ্বলতা।
৩. গরম পানিতে চুল ধোয়া
বৃষ্টির দিনে উষ্ণ গরম পানিতে গোসল করা বেশ আরামদায়ক হলেও, তা চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত গরম পানি মাথার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নিয়ে একে শুষ্ক ও রুক্ষ করে তোলে। আর স্ক্যাল্প যত শুষ্ক হবে, খুশকির প্রকোপ ততই দ্বিগুণ হবে। তাই চুলের সুরক্ষায় সবসময় স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করার অভ্যাস করুন।
৪. অপরিচ্ছন্ন অনুষঙ্গ ব্যবহার
কেবল চুলের যত্ন নিলেই হবে না, চুল পরিচর্যার সামগ্রীগুলোও পরিচ্ছন্ন রাখা চাই। আপনার ব্যবহৃত চিরুনি, তোয়ালে কিংবা বালিশের কাভার যদি নিয়মিত পরিষ্কার করা না হয়, তবে শ্যাম্পু করার পরও ইনফেকশন বা ছত্রাক বারবার মাথায় ফিরে আসবে। তাই সংক্রমণ এড়াতে চুলের সংস্পর্শে আসা প্রতিটি জিনিস নিয়মিত জীবাণুমুক্ত ও পরিষ্কার রাখুন।
৫. নখ দিয়ে মাথা চুলকানো
খুশকির কারণে মাথায় চুলকানি বা অস্বস্তি হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু সাময়িক আরামের জন্য ভুলেও নখ দিয়ে স্ক্যাল্প চুলকাতে যাবেন না। নখের তীব্র আঁচড়ে মাথার সংবেদনশীল চামড়া ক্ষতিগ্রস্ত হয় এবং চামড়া উঠে ক্ষত সৃষ্টি হতে পারে। এর ফলে খুশকির সমস্যা তো বাড়েই, সেই সঙ্গে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়ার হারও আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।
মনোয়ারুল হক/
