প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৬ জুন) : চীন ও মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের সরকারপ্রধানের আমন্ত্রণে ছয় দিনের এই প্রথম সরকারি বিদেশ সফর শেষে আজ রাতে বেইজিং থেকে ঢাকায় পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে সফরসঙ্গী ও সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। এ সময় বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
