ভোগান্তির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ২৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক (টাঙ্গাইল), এবিসিনিউজবিডি, (২৬ মে) : যানবাহনের অতিরিক্ত চাপ, দফায় দফায় বৃষ্টি এবং বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে রাতে বেশ কিছু যানবাহন বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার দিবাগত গভীর রাত থেকে শুরু হওয়া এই জটলা মঙ্গলবার সকালে প্রায় ২৩ কিলোমিটার এলাকায় রূপ নেয়। সেতুর টোল প্লাজা থেকে শুরু করে টাঙ্গাইল সদরের রাবনা পর্যন্ত থমকে আছে শত শত যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণপরিবহনে আসন না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। গাজীপুরের মৌচাক থেকে পাবনাগামী যাত্রী মোতালেব মিয়া জানান, ভোররাতে কোনো বাসে সিট না পেয়ে তিনি ট্রাকে চড়ে বসেন। কিন্তু যানজটের কারণে মাত্র দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে তার সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় লেগে গেছে।
আরেক যাত্রী মনোয়ার মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোনো বাসেই তিল ধারণের জায়গা নেই। বাধ্য হয়ে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে উঠেছি। কিন্তু সেখানেও ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থেকে চরম কষ্ট হচ্ছে।”
পাবনাগামী নারী যাত্রী নিলুফা বেগম জানান, টাঙ্গাইলের ঘারিন্দা এলাকা পার হওয়ার পর থেকেই গাড়ি আর টানছে না। সামান্য একটু এগিয়েই আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের এই গরমে ও জটলায় সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে।
যানজটের বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রাতে হঠাৎ বৃষ্টি এবং একসঙ্গে অতিরিক্ত গাড়ি চলে আসায় কিছুটা জটলার সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মনোয়ারুল হক/
