মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (৭ মে) : মাগুরার শ্রীপুর উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব সহায়তা প্রদান করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৫৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনো খাবার ও ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি কিজিল খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশাফুল ইসলাম নালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর, উপজেলা কৃষকদলের আহ্বায়ক বিপ্লব খলিফা, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল এবং আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান পিরুল।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের সকলের নৈতিক দায়িত্ব। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে কিছুটা হলেও সহায়ক হবে।
মনোয়ারুল হক/
