হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ মে) : প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়।

হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

সভায় সিদ্ধান্ত হয়, যতো দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে জন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।

গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়া হাওরাঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ সভায় অংশ নেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ