দলের ব্যাটিং গভীরতা নিয়ে আশাবাদী লিটন

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ এপ্রিল) : এবার টি-টোয়েন্টির পালা। আগামীকাল (২৭ এপ্রিল) ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে বেলা ২টায়। তার আগে, আজ (২৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে হাজির হয়ে অনেক কথাই বলেন টাইগার অধিনায়ক লিটন দাস।

সিরিজে বাংলাদেশ দলে বড় চমক আব্দুল গাফফার সাকলাইন। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স জাতীয় দলের সান্নিধ্যে এসেছেন তিনি, যাকে অলরাউন্ডার স্বীকৃতি দিয়ে লিটন বলেন, ‘সাকলাইনকে আমি আমার দৃষ্টিতে একজন অলরাউন্ডার হিসেবে দেখি। সে বিপিএলে রাজশাহীর হয়ে খুব ভালো খেলেছে। সেখান থেকেই সে নজর কেড়েছে।’

টাইগার অধিনায়ক আরও বলেন, ‘চেষ্টা করব তাকে (সাকলাইনকে) এখানে ধীরে ধীরে গড়ে তোলার, দলের সঙ্গে রেখে এমন পর্যায়ে নেওয়ার যেন আমরা তাকে খেলাতে পারি এবং সে আমাদের প্রতিদান দিতে পারে।’

দলের ব্যাটিং গভীরতা নিয়ে লিটনের বক্তব্য ছিল এমন, ‘আমাদের দলে, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে, যে পাঁচজনকে আমরা টেলএন্ডার হিসেবে ধরছি, পাঁচ পেস বোলারের মধ্যে তিনজনই খুব ভালো ব্যাটিং করতে পারে। শুধু যদি শরিফুল এবং রিপন মন্ডলকে ধরি, তাহলে হয়তো তারা খুব ভালো ব্যাটসম্যান না, কিন্তু টুকটাক পাঁচ-ছয় রান করে দিতে পারবে।’

বোলারদের কাছ থেকে ব্যাটিং সুবিধা পেলে সেটি উপরের ব্যাটারদের স্বাধীনভাবে খেলতে সহায়ক হবে বলে মনে করেন লিটন, ‘আপনি দেখবেন যে বড় বড় দলগুলোর গভীরতা অনেক। নয় নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই গভীরতাটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের ব্যাটাররা উপর থেকে আরও স্বাধীনভাবে খেলতে পারবে।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ