ট্রাম্পের অনুষ্ঠানে হামলাকারী আটক টমাস পেশায় প্রকৌশলী ও শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৬ এপ্রিল) : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর এক বন্দুকধারী হামলার চেষ্টা চালিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা।
শনিবার (২৫ মার্চ) স্থানীয় সময় রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে প্রেসিডেন্ট অক্ষত অবস্থায় সভাস্থল থেকে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। পরে ট্রাম্প এই ঘটনাকে এক ‘আততায়ীর হামলা’ বলে বর্ণনা করেছেন।
পুলিশ জানায়, কোল টমাস অ্যালেন ঘটনার সময় হোটেলের বলরুমের ঠিক বাইরের একটি নিরাপত্তা চেকপোস্ট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। সে সময় প্রেসিডেন্টের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। অ্যালেন নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করার চেষ্টা করলে সিক্রেট সার্ভিসের কর্মীরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন এবং পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গোলাগুলির শব্দে পুরো অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২ হাজার ৩০০ অতিথি প্রাণভয়ে টেবিলের নিচে আশ্রয় নেন।
ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে বলেন, একজন সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা চৌকি ভেঙে হামলার চেষ্টা করেছিল। সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা তাকে প্রতিহত করেছেন।
ট্রাম্প আরও বলেন, তদন্তকারীদের ধারণা ওই ব্যক্তি একাই এই হামলা চালিয়েছেন।
তদন্ত কর্মকর্তাদের মতে, হামলাকারী কোল অ্যালেন ওই হোটেলেই অতিথি হিসেবে অবস্থান করছিলেন। সম্ভবত এ কারণেই তিনি কড়া নিরাপত্তা বলয় ভেদ করে ভেতরে ঢুকতে পেরেছেন। অ্যালেন পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্টিস্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রোফাইল থেকে জানা যায়, তিনি একজন গেম ডেভেলপার এবং শিক্ষক হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সালে তিনি টরেন্সের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ‘টিচার অব দ্য মান্থ’ স্বীকৃতি পান। এ ছাড়া নথিপত্র অনুযায়ী, তিনি ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক তহবিলে সামান্য অর্থ অনুদান দিয়েছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার মনে হয় না এই হামলার সঙ্গে ইরান-ইসরায়েল যুদ্ধের কোনো সম্পর্ক আছে।
তিনি স্পষ্ট করে বলেন, এই ধরণের কোনো ঘটনা তাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া থেকে আটকাতে পারবে না।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফারি ক্যারল জানান, ঘটনার সময় হোটেলের জনসাধারণের প্রবেশাধিকার বন্ধ ছিল। শুধুমাত্র আমন্ত্রিত অতিথি এবং টিকিটধারীরাই ভেতরে ছিলেন।
সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কারান দাবি করেছেন, তাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সফলভাবে কাজ করেছে বলেই বড় কোনো বিপদ ঘটেনি।
তবে আল জাজিরার প্রতিনিধি রিচার্ড গাইসফোর্ড জানান, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার ছিল তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠবে। এর আগেও ট্রাম্পের ওপর একাধিকবার প্রাণনাশী হামলার চেষ্টা হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ায় এক জনসভায় বন্দুকধারীর গুলিতে ট্রাম্পের কান বিদ্ধ হয়েছিল। পরবর্তীতে ফ্লোরিডায় তার গলফ কোর্সেও এক ব্যক্তি হামলার পরিকল্পনা করে ধরা পড়েন। গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টেও এক সশস্ত্র তরুণ পুলিশের গুলিতে নিহত হন।
বর্তমানে কোল অ্যালেনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার আসল উদ্দেশ্য কী ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। আগামী দিনে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ