বাজার মূলধন বাড়ল ২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), আলোকিত সময়, (২৬ এপ্রিল) : গত সপ্তাহ কিছুটা ঊর্ধ্বমুখিতার মধ্য দিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এতে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে ডিএসইর বাজার মূলধন প্রায় ২ হাজার কোটি টাকা বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস মূল্যসূচক বেড়েছে। বিপরীতে দুই কার্যদিবসে কমেছে। এতে সপ্তাহের ব্যবধানে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার থেকে বেশি প্রতিষ্ঠানের দাম বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৪টির শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১৬৮টির। ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা।

বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহে মূল্যসূচকও বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ৪১ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ২৪ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ।

আর ইসলামি শরিয়াহ্ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে দশমিক ২১ পয়েন্ট বা দশমিক শূন্য ২ শতাংশ।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৪ লাখ টাকা। তার আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৮১৮ কোটি ২৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮৪ কোটি ৫৫ লাখ টাকা বা দশমিক ২৪ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৬ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ৫৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৪ লাখ টাকা। প্রতিদিন গড়ে ২১ কোটি ১৩ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইড।

এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাভেলো আইসক্রিম, প্যারামাউন্ট টেক্সটাইল, অ্যাপেক্স স্পিনিং, রানার অটোমোবাইল এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

সপ্তাহ ব্যবধানে দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে দশমিক ৪৭ শতাংশ ও দশমিক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩২ পয়েন্টে ও ৯০৯৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা, যা তার আগের সপ্তাহে ছিল ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৯৫ কোটি ৭০ লাখ টাকা।

গত সপ্তাহে সিএসইতে মোট ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ