পরিকল্পিত হত্যাকাণ্ডে বৃদ্ধা নিহত, গ্রেপ্তার ২ — মাগুরার শ্রীপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২৫ এপ্রিল) : মাগুরার শ্রীপুর উপজেলায় সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে জেসমিন খাতুন (৭০) নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহত জেসমিন খাতুন উপজেলার চন্ডিখালী গ্রামের বাসিন্দা। তিনি স্বামীর বাড়িতে বসবাস করতেন এবং দুই কন্যা সন্তানের জননী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে তার বিরোধ চলছিল।

নিহতের ভাই মো. বাদশা খন্দকার জানান, গত ২৬ মার্চ রাতে খাবার শেষে নিজ ঘরে অবস্থান করছিলেন জেসমিন খাতুন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তিনি অভিযোগ করেন, একাধিক ব্যক্তি মিলে তাকে ধরে রাখে এবং মুখ চেপে ধরে হত্যাকাণ্ড সংঘটিত করে। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ ঘরের বারান্দায় ফেলে রাখা হয়।

তিনি আরও জানান, পরদিন সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। জেসমিন খাতুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানান শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান। এ ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এদিকে নিহতের স্বজনরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আতাউর রহমান সাংবাদিকদের বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ