ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৭ এপ্রিল) : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় ডিএসইর স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী সময় বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন থেকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বিশেষ করে স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত প্রার্থীর ‘ফিট অ্যান্ড প্রপার’ মানদণ্ড যথাযথভাবে যাচাই-বাছাই শেষে কমিশন এ নিয়োগে সম্মতি দেয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড ও অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশনস, ২০১৩ এর রেগুলেশন ৩ অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমানকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ডিএসইর আবেদনের প্রেক্ষিতে আলোচনাপূর্বক, উপযুক্ত ও সঠিক মানদণ্ড যাচাই করে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ডিএসইর বোর্ডে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তির অন্তর্ভুক্তি করপোরেট সুশাসন জোরদার করবে। এতে শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হবে।

বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ