ক্লাস অনলাইনে নাকি অফলাইনে, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ এপ্রিল) : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী দুই-একদিনের মধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে রোববার (আজ) চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে প্রায় ৪০ দিনের ছুটির পর গত ২৯ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশসহ বিভিন্ন দেশ জ্বালানি সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টি আলোচনায় আসে।
মনোয়ারুল হক/
