কোনো ধরনের পরীক্ষাতেই আর নকল করার কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (কুমিল্লা), এবিসিনিউজবিডি, (৪ এপ্রিল) : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পাবলিক পরীক্ষা কিংবা চাকরির ইন্টারভি- কোনো পরীক্ষাতেই আর নকলের সুযোগ নেই।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কোনো ধরনের পরীক্ষাতেই আর নকল করার কোনো সুযোগ নেই। সেটা পাবলিক পরীক্ষা হোক কিংবা চাকরির ইন্টারভিউ- সব পরীক্ষাতেই একই আইন বলবৎ থাকবে। পরীক্ষা চলাকালে কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে, কেন্দ্রসচিবকে আইনের আওতায় আনা হবে। এমনকি প্রতিষ্ঠানের বাথরুমেও যদি কোনো নকল পাওয়া যায়- তার জন্য প্রতিষ্ঠানের প্রধানকে জবাবদিহি করতে হবে। বাইরে থেকে কেউ নকলের সহযোগিতা করলে তাদের কেউ আইনের আওতায় আনা হবে। কোনভাবেই কাউকে নকল করতে দেওয়া হবে না; নকলে সহযোগিতাও করতে দেওয়া হবে না।

শিক্ষামন্ত্রী বলেন, যদি কোনো শিক্ষক খাতা দেখায় দুর্বলতা করেন – ইচ্ছাকৃতভাবে কাউকে নাম্বার কম দেওয়া বা বাড়িয়ে দেওয়া হয়, সেই শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আইন করা হয়েছে।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০০১ সালে নকলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছিল কুমিল্লার আমড়াতলী স্কুল থেকে। সেখানে দুইজন শিক্ষককে এরেস্টও করা হয়েছিল। সেসময়  ক্রমান্বয়ে পুরো দেশকে নকলমুক্ত করা হয়েছিল। এই নকলের বিরুদ্ধে অভিযানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে সবসময় সাহস যুগিয়েছেন; অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন; অনুপ্রেরণা যোগাচ্ছেন নকলের বিরুদ্ধে অভিযান চালাতে। তার একটাই অ্যাজেন্ডা- আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই অ্যাজেন্ডা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়কে ব্যাপক ভূমিকা নিতে হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যদি শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে আপনারা সদগায়ে যারিয়া পাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই সদগায়ে যারিয়ার সওয়াব পাবেন। শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে আমার কাছে এবাদতখানা। সেই এবাদতখানার দায়িত্ব আমি পেয়েছি। সেখানে আপনাকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।  শিক্ষামন্ত্রণালয় দেশের আর ১০টা মন্ত্রণালয়ের মতো নয়। এখানে অসৎ কাজ করা যায় না। এ মন্ত্রণালয় আমার সঙ্গে কাজ করছেন শ্রদ্ধেয় শিক্ষকরা।
নকলের ডেট অফ বার্থ ১৯৭২। ৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত কারা নকলে করছিল। সেই নকলের মূল উৎপাদন করেছিলাম। কিন্তু তা পুনরায় চালু করলো কারা?’

তিনি আরও বলেন, ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইমপোর্ট করিনি। আপনারাই (শিক্ষক) তো নকলমুক্ত করতে সহযোগিতা করেছিলেন। তাহলে পুনরায় কেন নকলের প্রাদুর্ভাব বাড়লো। তার মানে কি আপনারা সরকার যেভাবে চায় সেভাবেই চলেন? আমরা জানি, স্টিয়ারিং যেহেতু সরকারের হাতে- সুতরাং আপনারা সেভাবেই চলেন। মাঝখানের সময়টাতে সবকিছু এলোমেলো হয়ে গেলো। তবে এখন আর নকলের সুযোগ হবে না। শিক্ষার্থীদেরকে যত্নসহকারে মনোযোগ দিয়ে পড়াতে হবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে জেন-জি’রা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল। ৫ আগস্টের পর থেকে আমরা নতুন করে বাংলাদেশকে দেখার চেষ্টা করছি। আমাদের শিক্ষার্থীরা অন্যায় করে না, তারা আর কোনো অন্যায় দেখতেও চায় না। তারা চেয়েছে বাংলাদেশে পরিবর্তন আসুক। পরিবর্তন এসেছে, পরিবর্তিত বাংলাদেশে তারাই পরীক্ষা দিচ্ছে। তাদেরকে দিয়েই আগামীতে আমরা দেশ চালাব। তারাই তো আমাদের আগামী দিনের পরীক্ষার্থী। তারা কি আর কোনো অন্যায় করবে? না, করবে না। বরং তারা শিক্ষকদেরকে আরো সহযোগিতা করবে। তাদের অভিভাবকরাও সত্যের পথে। পুরো জাতিই আজ সত্যের পথে। আজকে আমি এখানে প্রথম অনুষ্ঠান শুরু করেছি, সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় আমি অনুষ্ঠান করব। সকলের অভিমত শুনব।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধু্রী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমএ মান্নান, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূইয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান, কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রলার মো.কবির আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.শামছুল ইসলাম।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ