সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই নিশ্চিত করা অপরিহার্য: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (​পাবনা), এবিসিনিউজবিডি, (৪ এপ্রিল) : গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় কঠোরভাবে তথ্য যাচাই করতে হবে। গণমাধ্যমে কোনো সংবাদ প্রচার বা প্রকাশের আগে তার সত্যতা যাচাই বা ‘ফ্যাক্ট-চেকিং’ নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার রাতে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যের ছড়াছড়ি থাকলেও তার বড় একটি অংশই বিভ্রান্তিকর। ধারণা বা অনুমানের ওপর ভিত্তি করে কোনো কিছুকে তথ্য হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যমন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠতা বজায় রাখতে তথ্যের পাহাড় থেকে সঠিক তথ্য বেছে নেওয়া এবং গুজব রোধে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। সরকার একটি প্রাতিষ্ঠানিক ফ্যাক্ট-চেকিং কাঠামো তৈরির কাজ করছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গণমাধ্যম যদি সঠিক যাচাইকরণ প্রক্রিয়া নিশ্চিত করে, তবে সমাজ থেকে গুজব ও মিথ্যা সংবাদ চিরতরে দূর করা সম্ভব হবে।

পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সভায় আরও বক্তব্য রাখেন, ​বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, ​পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ​সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, ​পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ