১৭ বছরে উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে দৃশ্যমান হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (টাঙ্গাইল), এবিসিনিউজবিডি, (৩ এপ্রিল) : গত ১৭ বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে এসব কথা বলেন মীর শাহে আলম। এ সময় তার সঙ্গে ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) সঙ্গে কথা বলা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।’

জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, ‘দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এ ছাড়া জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে-সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।’

এ সময় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ