শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় ভূমিকায় বাংলাদেশকে বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩ এপ্রিল) : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ওই বিষয়ে গত মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে যুক্তরাষ্ট্র সফরে থাকা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের জন্য যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর ব্রায়ান পি. কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের কাছে এ সম্মাননা তুলে দেন।

আইএসপিআর জানায়, জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানায়। এই রেজুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশী বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

এর আগে মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি. কেম্পের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক এ বৈঠকে তারা সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জনেস এর সঙ্গেও সাক্ষাৎ করেন। গত ২৮ মার্চ সরকারি সফরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রে গেছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ