ইরানে বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৮ ফেব্রুয়ারি) : ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই দেশটির কাছে বিমান ও নৌ সামরিক সক্ষমতা ধারাবাহিকভাবে জোরদার করছে যুক্তরাষ্ট্র।
অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, এফ-৩৫ লাইটনিং টু, এফ-২২ র্যাপ্টর এবং এফ-১৬ ফাইটিং ফ্যালকনসহ গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
এমন পদক্ষেপের মধ্যেই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জেনেভায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরমাণু আলোচনায় ওয়াশিংটন ও তেহরান ‘অগ্রগতি’ করেছে। তবে তারা সতর্ক করে বলেছেন, ‘এখনও কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি আছে’, যা থেকে ধারণা করা হচ্ছে যে সামরিক সংঘর্ষের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মঙ্গলবারের আলোচনা এ মাসের শুরুর দিকে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকের তুলনায় বেশি ‘গঠনমূলক’ ছিল। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চুক্তির জন্য দুই পক্ষ ‘নির্দেশনামূলক নীতিমালায়’ একমত হয়েছে বলেও জানান তিনি।
চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এমন সময় হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে ইরানের আশপাশে ভারী সামরিক শক্তি জড়ো করছে। তেহরানের পারমাণবিক পরিকল্পনা এবং জানুয়ারির বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগে চাপ বাড়িয়েছে ওয়াশিংটন।
গেল জানুয়ারির শেষ দিকে আরব সাগরে বিমানবাহী রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এক ডজন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান, একটি এমকিউ-৯ ড্রোন এবং কয়েকটি এ-১০ থান্ডারবোল্ট টু গ্রাউন্ড অ্যাটাক বিমান জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে পৌঁছেছে।
স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে, নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক ভূমধ্যসাগর থেকে মিশরের সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে।
একইসঙ্গে, মার্কিন নৌবাহিনীর এমকিউ-ফোরসি ট্রিটন নজরদারি ড্রোন উপসাগরীয় অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। এর আগে অঞ্চলটিতে ই-১১এ যোগাযোগ বিমান, পি-৮ পসেইডন, ই-৩ সেন্ট্রি নজরদারি ও অন্যান্য গোয়েন্দা বিমান মোতায়েনের খবরও পাওয়া গেছে।
অন্যদিকে, ইরান জানিয়েছে সামরিক মহড়ার অংশ হিসেবে তারা কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালীর একটি অংশ বন্ধ রাখবে। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে জ্বালানি রফতানির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নৌপথ। অতীতে তেহরান পুরো হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি।
সূত্র: এনডিটিভি
মনোয়ারুল হক/
