সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ ফেব্রুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে পৌঁছান তিনি। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এর আগে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বেলা ১১টার দিকে এই শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন তারেক রহমান।
এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
মনোয়ারুল হক/
