সংবিধান সংস্কার পরিষদের শপথ আজ নেবে না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৭ ফেব্রুয়ারি) : জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের পাশাপাশি আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংবিধান সংস্কার পরিষদের শপথও নেওয়ার কথা রয়েছে। তবে, এ শপথ নিয়ে ধূম্রজাল কাটছেই না। সংবিধান সংস্কার পরষিদের শপথ বিএনপি নেবে না এমনটা ইঙ্গিত দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথগ্রহণের আগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ ইঙ্গিত দেন।
তিনি বলেন, “গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেওয়াবেন, সেটা বিধান করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। যেহেতু সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনের দিনেও চলবো।”
এদিকে, আজ সকাল ১০টা ৪০ মিনিটে নর্বনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শপথগ্রহণ উপলক্ষে সকাল থেকে সংসদ ভবন এলাকায় আসতে থাকেন নবনির্বাচিতরা। ভিড় করে তাদের নেতাকর্মী ও উৎসুক জনতা। শপথকে ঘিরে সংসদ ভবন এলাকায় নেওয়া হয় চার স্তরের নিরাপত্তা।
দেশের ইতিহাসে প্রথম কোনও প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্য প্রার্থীদের শপথ পাঠ করালেন।
মনোয়ারুল হক/
