জিয়া পরিবারের তৃতীয় ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতাকেন্দ্রে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৭ ফেব্রুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন সরকারের নেতৃত্বে থাকছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার শপথ গ্রহণের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হচ্ছেন এই নেতা। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। একই পরিবারের তিন সদস্য রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হওয়ার নজিরে যুক্ত হচ্ছে জিয়া পরিবার।
তারেক রহমানের বাবা জিয়াউর রহমান স্বাধীনতা-উত্তর সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে পা রাখেন তাঁর মা খালেদা জিয়া।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক জনসমর্থন অর্জন করেন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী সময়ে আরও দুই দফায় সরকার পরিচালনা করেন তিনি।
বাবা-মায়ের পর এবার সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একই পরিবারের তিনজন সরকারপ্রধান হওয়ার হওয়ার পাশাপাশি সরকার পরিচালনার নেতৃত্বে অভিষেক হচ্ছে দ্বিতীয় প্রজন্মের।
রাজতন্ত্র বাদে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় একই পরিবারের একাধিক সদস্যের শীর্ষ নেতৃত্বে আসার উদাহরণ বিশ্বে বিরল হলেও একেবারে অনুপস্থিত নয়। ভারতে জওহরলাল নেহরু, তাঁর মেয়ে ইন্দিরা গান্ধী এবং নাতি রাজীব গান্ধী—তিনজনই প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো, তাঁর মেয়ে বেনজির ভুট্টো ও তাঁর স্বামী আসিফ আলী জারদারিও প্রধানমন্ত্রী ছিলেন। শ্রীলঙ্কায় এস ডব্লিউ আর ডি বন্দরনায়েকে, শ্রীমাভো বন্দরনায়েকে ও চন্দ্রিকা কুমারাতুঙ্গা একই পরিবারে থেকে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া উত্তর কোরিয়ায় কিম পরিবার, থাইল্যান্ডে সিনাওয়াত্রা পরিবার, গ্রিসে পাপানড্রেউ পরিবারসহ বিভিন্ন দেশে পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতার নজির রয়েছে।
যুক্তরাজ্যে দীর্ঘ প্রায় দেড় যুগ কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তখন তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফেরার সপ্তাহ না পেরোতেই মারা যান মা খালেদা জিয়া। মায়ের মৃত্যুর পর তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হন। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তাঁর নেতৃত্বে ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি জোট। এখন বাবা-মায়ের পর তিনিও সরকার চালানোর দায়িত্ব নিতে যাচ্ছেন।
মনোয়ারুল হক/
