ইউটিউবে দেখা যাবে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ ফেব্রুয়ারি) : প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী। সেখানে তাকে নিয়ে সামাজিক ও পারিবারিক গল্পে ‘অর্ধাঙ্গিনী’ নামের সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা সৈয়দ আর ইমন।

ইমন জানিয়েছেন, সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। প্রথমে টেলিফিল্ম হিসেবে অর্ধাঙ্গিনীর শুটিং শুরু হয়। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। পরবর্তীতে সিনেমাটি বড় পর্দায় মুক্তির সিদ্ধান্ত নেন নির্মাতা। সে সময় নতুন করে সম্পাদনা ও সংযোজন করে সিনেমাটির দৈর্ঘ্য করা হয় এক ঘণ্টা ৫৬ মিনিট।

ইমন বলেন, ২০২৪ সালে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত ছিল। কিন্তু জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশে সিনেমাটি মুক্তি দিতে পারেননি তিনি। এরপর নানা জটিলতায় যুক্তরাষ্ট্রেও হল পাওয়া সম্ভব হয়নি। তাই রোজার ঈদ ঘিরে একটি ইউটিউব চ্যানেলে শিগগিরই সিনেমাটি প্রচার করা হবে।

চিত্রনাট্য নিয়ে ইমন বলেন, এটি মূলত সময়ের সঙ্গে বদলে যাওয়া মানবিক সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধের গল্প। আধুনিক জীবনে মানুষ ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না, এই বাস্তবতা থেকেই সিনেমাটির গল্প ভাবনা, আশা করি গল্পটা দর্শকের পছন্দ হবে।

‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় মৌসুমী ছাড়াও আরও অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, জয় চৌধুরীসহ আরও অনেকে।

সিনেমাটির প্রযোজক তরিকুল ইসলাম মিঠু এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ। সিনেমাটি ‘বিডিফিল্মস ইউএসএ’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ