রাজনৈতিক সহিংসতা দেশকে ধ্বংসের পথে নিচ্ছে

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ নভেম্বর): রাজনীতির নামে পরিচালিত সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ড দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ নভেম্বর) বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, দীর্ঘ সংগ্রামের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের স্বার্থে দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ ধরনের নৈরাজ্যের কারণে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি দেশের বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প-কলকারখানা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মক বাধার মুখে পড়ছে।

সাক্ষাৎকালে সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বের সামনে তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে তিনি অভিমত দেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম ইস্যু, রোহিঙ্গা সংকট এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি (ব্লু ইকোনমি) নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দর্শন অত্যন্ত বাস্তববাদী। পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে এই আদর্শ।

অনুষ্ঠানে ডিজাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব সেখানে উপস্থিত ছিলেন।

 সূত্র: বাসস

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ