তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কাল

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ নভেম্বর): হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইটের মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ১৪ মাসের মধ্যে অর্থাৎ ২০২৮ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর তড়িঘড়ি করে টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হলেও ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এর কার্যক্রম আর শুরু করা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান জানান, দীর্ঘদিনের পর্যালোচনা এবং কারিগরি ও আর্থিক বিশ্লেষণ শেষে জাতীয় স্বার্থ, বিমানবন্দর নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করে এই কনসেশন চুক্তি হতে যাচ্ছে। ১৫ বছর মেয়াদি এই চুক্তির আওতায় টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে এবং বেবিচক নিয়মিত এর মান তদারকি করবে। এই আধুনিক টার্মিনালটি দেশের বিমান পরিবহন সক্ষমতা, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চুক্তির মেয়াদ ও হস্তান্তর প্রক্রিয়া বেবিচকের তথ্যমতে, শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরিত হওয়ার দিন থেকে চুক্তির ১৫ বছরের মেয়াদ কার্যকর হবে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে নির্ধারিত এলাকা হস্তান্তর করা হবে। এরপর:

হস্তান্তরের ৮ মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা চালু করতে হবে।

হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।

দায়িত্ব বণ্টন ও অবকাঠামো ব্যবস্থাপনা চুক্তির শর্তানুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। ভবিষ্যতে সক্ষমতা বাড়াতে অতিরিক্ত সরঞ্জাম সংযোজন এবং যান্ত্রিক, বৈদ্যুতিক ও পানি সরবরাহসহ সংশ্লিষ্ট অবকাঠামো সম্প্রসারণের দায়িত্বও তাদের ওপর বর্তাবে। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে সব শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে এবং আন্তর্জাতিক কার্গো নতুন কার্গো টার্মিনালে পরিচালিত হবে। অন্যদিকে, বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ, হজ এবং অন্যান্য নন-শিডিউল ফ্লাইটের জন্য ব্যবহৃত হবে।

তবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা বেবিচক ও সরকারের হাতেই থাকছে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম বেবিচক পরিচালনা করবে। আর ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষা যথারীতি সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকবে।

রাজস্ব বণ্টন ও গ্রাউন্ড হ্যান্ডলিং টার্মিনাল ব্যবহারকারী প্রত্যেক আন্তর্জাতিক বহির্গামী যাত্রীর এমবার্কেশন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ফি এবং দোকান, লাউঞ্জ, পার্কিং ও বিজ্ঞাপনের মতো নন-এরোনটিক্যাল খাত থেকে আয় করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।

কার্যক্রম শুরুর পর যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩.৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দিতে হবে।

পূর্ণ সক্ষমতা অর্জনের পর বেবিচকের এই রাজস্ব অংশ বেড়ে ২৭ শতাংশে উন্নীত হবে।

এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে। এসব প্রতিষ্ঠান ও সেলফ-হ্যান্ডলিং সংস্থাগুলো পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি দেবে এবং কার্গো হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি টন কার্গোর বিপরীতে নির্ধারিত মার্কিন ডলার রয়্যালটি প্রদান করবে।

যাত্রীসেবার মানদণ্ড ও জরিমানার বিধান যাত্রীদের ভোগান্তি কমাতে এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চুক্তিতে সুনির্দিষ্ট সময়সীমা ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে:

ব্যাগেজ সরবরাহ: উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ কনভেয়ার বেল্টে দিতে হবে। শেষ ব্যাগ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২.৫ মিনিট এবং ওয়াইড-বডির ক্ষেত্রে ৪৭.৫ মিনিট।

চেক-ইন অপেক্ষা: বিজনেস ক্লাসের যাত্রীদের গড় অপেক্ষার সময় ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সীমিত রাখতে হবে।

প্রযুক্তির সচলতা: ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (BHS), সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা (CUTE), স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন (CUSS) এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা (FIDS) ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে।

আর্থিক ক্ষতিপূরণ: নির্ধারিত সেবার মান রক্ষায় বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ব্যর্থতার ধরন অনুযায়ী প্রতিটি ক্ষেত্রে ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে।

একনজরে তৃতীয় টার্মিনালের সক্ষমতা ও সুযোগ-সুবিধা ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালটির বার্ষিক যাত্রীসেবা সক্ষমতা ২ কোটি ৪০ লাখ। এর উল্লেখযোগ্য অবকাঠামোগত সুবিধাগুলো হলো:

কাউন্টার ও বেল্ট: সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার (১১৪টি ম্যানুয়াল ও ১৫টি স্বয়ংক্রিয়), ৮টি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার, ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার এবং ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট।

পার্কিং ও বোর্ডিং: ১২টি কন্টাক্ট বোর্ডিং ব্রিজ, ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে এবং বহুতল পার্কিং ভবনে ১ হাজার ২৩০টি গাড়ি রাখার ব্যবস্থা।

নিরাপত্তা সরঞ্জাম: ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র (ইটিডি)। এছাড়া যাত্রীদের চলাচলের জন্য রয়েছে পর্যাপ্ত মুভিং ওয়াকওয়ে, এস্কালেটর ও লিফট।

কার্গো সক্ষমতা: ২৭ হাজার বর্গমিটারের আমদানি এবং ৩৬ হাজার বর্গমিটারের রপ্তানি কার্গো টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এগুলোতে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন আমদানি এবং ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন রপ্তানিসহ মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা সম্ভব হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ