পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষ-অগ্নিসংযোগ
শরীয়তপুর প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৯ নভেম্বর): পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অসংখ্য ককটেল বিস্ফোরণের পাশাপাশি বিএনপির সমাবেশস্থলে থাকা প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে আগুন দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার বেশ কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, কয়েক হাজার মানুষ দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে রেখেছেন এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিকেনগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। সে সময় এক্সপ্রেসওয়ের ওপর অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে উপর্যুপরি ককটেল বিস্ফোরণের মুখে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন।
অভিযোগ উঠেছে, এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান এবং সেখানে থাকা বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে নাওডোবা গোলচত্বর এলাকায় অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্টুরেন্ট ও অপর একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।
এদিকে অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা এবং পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না চালাতে নেতাকর্মীদের নির্দেশ দিতে শোনা যায়। ফলে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে, দীর্ঘ সময় অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই প্রান্তেই যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়।
পুরো বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটানো হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সারারাত সতর্ক অবস্থানে ছিল এবং পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল। সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ কোনো প্রকার প্রাণহানি ছাড়াই তাদের প্রতিহত করতে সক্ষম হয়। তিনি আরও উল্লেখ করেন, এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
মনোয়ারুল হক/
