আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ নভেম্বর): দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে শঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কক্সবাজার জেলার পর্যটন খাতসহ সামগ্রিক ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনাবিষয়ক ৩য় সভা শেষে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহিংসতার জেরে পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, এ নিয়ে কোনো শঙ্কা নেই।

রাজধানী ঢাকায় সাম্প্রতিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এটিকে নিয়মিত কার্যক্রমের (রুটিন ওয়ার্ক) অংশ হিসেবে অভিহিত করেন। মন্ত্রী বলেন, এ ধরনের যেকোনো পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে থাকে এবং দায়িত্ব পালনে মোতায়েন থাকে।

এদিকে, শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের প্রসঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ফজরের নামাজের পর সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা (ইনসিডেন্ট) ঘটেছে। স্থানীয়ভাবে তাদের মধ্যে আন্তঃকলহ, আন্তঃদ্বন্দ্ব বা সংঘর্ষের বিষয়টি তিনি শুনেছেন এবং এতে দুজনের প্রাণহানির খবরও তাঁর কানে এসেছে। তবে বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত সম্পন্ন হয়নি বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পুরো পরিস্থিতি সামাল দিচ্ছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ