আবার ২ দিনের রিমান্ডে সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ নভেম্বর): বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ নভেম্বর) এই মামলায় দুই দফায় মোট ১২ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে উপস্থিত করা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে পুনরায় ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, আদালতের নির্দেশে রিমান্ডে নিয়ে ডিবি কার্যালয়ে সাঈদ খোকনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় তিনি মামলার মূল রহস্য সুকৌশলে এড়িয়ে গেছেন এবং একেক সময় একেক তথ্য দিয়ে ডিবি পুলিশকে বিভ্রান্ত করার পাশাপাশি মামলার গতিপথ ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছেন। এছাড়া মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের অধিকাংশকে চেনেন বলে স্বীকার করলেও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তিনি কৌশলে তথ্য এড়িয়ে গেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও দাবি করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে সাঈদ খোকনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিপরীতে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন এবং আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং তার দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তাকে আবারও ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।

শুনানির সময় সাঈদ খোকনকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন এবং রাষ্ট্রপক্ষও রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নাকচ করে ২ দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি এবং পরবর্তীতে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই এই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষে গত ২৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে পুনরায় ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেওয়া কিশোর আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। এই ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়েছে। এজাহারে সাঈদ খোকন ২৯ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ