সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৯ নভেম্বর): সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে দেশটিতে সেনা পাঠিয়েছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যে পূর্বে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি ও পারস্পরিক সমঝোতার আওতায় মোতায়েনকৃত এই সেনাসদস্যরা সেখানে দায়িত্ব পালন করবেন। রবিবার (২৯ নভেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শনিবার পাকিস্তানি সেনাদের একটি দল সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছে। সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের দৃঢ় অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নতুন করে ঠিক কতজন সেনাসদস্যকে সেখানে পাঠানো হয়েছে, বিবৃতিতে সে সংখ্যা প্রকাশ করা হয়নি।
এর ঠিক আগে গত শুক্রবার ইসলামাবাদে ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর এক উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়। ওই বৈঠকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে চলমান সংঘাত তীব্রতর হওয়া এবং সৌদি ভূখণ্ডে হুথিদের হামলার প্রেক্ষাপটে গত আগস্ট মাসে এই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।
এর আগে গত অক্টোবর মাসে পাকিস্তানের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরবের স্থলসীমান্ত সুরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার পাকিস্তানি সেনা মোতায়েন করা হয়েছে। তবে ওই ঘটনার পর পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রথমবার সেনা মোতায়েনের বিষয়ে আনুষ্ঠানিক ও প্রকাশ্য বিবৃতি দেওয়া হলো।
মনোয়ারুল হক/
