রাইজিং স্টার্স এশিয়া কাপের শিরোপা শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ নভেম্বর): শেষ মুহূর্তের নাটকীয়তায় রোমাঞ্চ ছড়াল রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল। জয়ের দ্বারপ্রান্তে থেকেও শেষ দিকে এক রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে শ্রীলঙ্কা ‘এ’ দল। তবে শেষ জুটির দৃঢ়তায় সব শঙ্কা উড়িয়ে দিয়ে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে শিরোপা জেতে তারা। এর মধ্য দিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো টুর্নামেন্টটির চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা।

রবিবার দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান। ৫০ ওভারে তারা তোলে ৯ উইকেটে ২১৬ রান। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন শাহজাইব খান। তিনি করেন ৬০। শ্রীলঙ্কার বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে বড় সংগ্রহ গড়তে দেননি।

জবাবে শুরুটা ভালো করেছিল শ্রীলঙ্কা। নিশান মাদুশকার এক ইনিংসে ভর করেই মনে হচ্ছিল লঙ্কানরা বুঝি জিতবে হেসেখেলেই। কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে যায় ধস নামলে। চোখের পলকে ১৯৮/৭ থেকে ১৯৮/৯ হয়ে যায় স্কোরকার্ডের চেহারা। সেখান থেকে ম্যাচ যেকোনো দিকেই যেতে পারত।

শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলান লাহিরু সামারাকুন ও গারুকা সানকেথ। দুজন মিলে শেষ জুটিতে যোগ করেন ২২ রান। ৪১.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর হয় ৯ উইকেটে ২২০। এতে ৫১ বল হাতে রেখে এক উইকেটের জয় নিশ্চিত হয়। সামারাকুন ২২ বলে অপরাজিত ১৫ রান করেন। তার ইনিংসে ছিল তিনটি চার। সানকেথ ৭ বলে অপরাজিত ৪ রান করেন। হাসান নওয়াজের ফুল লেংথের বল সোজা মাঠের দিকে চার মেরে জয় এনে দেন সামারাকুন। এরপর লঙ্কান খেলোয়াড়েরা মাঠে ছুটে এসে দুজনকে জড়িয়ে ধরেন। অন্য প্রান্তে পাকিস্তানি খেলোয়াড়েরা হতাশায় হাঁটু গেড়ে বসে পড়েন।

পাকিস্তানের হয়ে হাসান নওয়াজ ৪.৩ ওভারে ২১ রান দিয়ে এক উইকেট নেন। মোহাম্মদ ইমরান ৫ ওভারে ২২ রান দিয়ে কোনো উইকেট পাননি।

এর আগে সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় পাকিস্তান। সেই ফাইনালে শেষ হাসি হেসে শিরোপা নিশ্চিত করল লঙ্কানরা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ