খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী ৫ প্রতিষ্ঠান তালিকাভুক্ত
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ নভেম্বর): বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মাধ্যমে খেলাপি ঋণ আদায় প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনীত এই প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়।
তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হচ্ছে—বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), হুদহুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফিন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালট্যান্সি লিমিটেড এবং সিটিজেনস অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন হাউস।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ আগস্ট প্রণীত নীতিমালার ভিত্তিতে গত ৮ সেপ্টেম্বর আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নিকট হতে আবেদন আহ্বান করা হয়। এতে মোট ২৩টি প্রতিষ্ঠান আবেদন করে। জমাকৃত আবেদনগুলো যাচাই-বাছাই এবং যথাযথ মূল্যায়ন শেষে ন্যূনতম যোগ্যতার শর্ত পূরণকারী এই পাঁচটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
সংশ্লিষ্ট ঋণদাতা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, ঋণগ্রহীতা এবং তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মধ্যকার ত্রিপক্ষীয় চুক্তির শর্তানুসারে মামলা দায়েরের পূর্বেই বিরোধ নিষ্পত্তি করা যাবে। পাশাপাশি অর্থ ঋণ আদালত আইন, ২০০৩-এর অধীনে বিচারাধীন মামলাগুলোর ক্ষেত্রেও এই মধ্যস্থতা পদ্ধতি প্রয়োগের সুযোগ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে খেলাপি ঋণ আদায়ে বিদ্যমান আইনি দীর্ঘসূত্রিতা কমে আসবে।
এদিকে, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের এই তালিকায় আরও যোগ্য প্রতিষ্ঠানকে যুক্ত করার লক্ষ্যে খুব শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মনোয়ারুল হক/
