থিয়েটার পদক পেলেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ নভেম্বর): ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’! শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেওয়া হয়। থিয়েটার (তোপখানা) আয়োজিত এই অনুষ্ঠানে মোট সাতজন অভিনয়শিল্পীকে সম্মানিত করা হয়। পূর্ণিমা ছাড়াও পদক পেয়েছেন আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান।
প্রথমবারের মতো আয়োজিত এই পদক পেয়ে বেশ উচ্ছ্বসিত পূর্ণিমা। তিনি বলেন, একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে এই সম্মাননা পাওয়া তার জন্য আনন্দ, আবেগ ও গর্বের বিষয়। দীর্ঘ শিল্পীজীবনের পথচলায় পদকটি বিশেষ জায়গা করে নেবে বলেও জানান তিনি। একই মঞ্চে গুণী শিল্পীদের সঙ্গে সম্মাননা গ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করেন এই অভিনেত্রী। পাশাপাশি আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পূর্ণিমা আরও জানান, চলচ্চিত্রের মানুষ হলেও মঞ্চের সঙ্গে তার পুরোনো সম্পর্ক রয়েছে। ছোটবেলায় তার বড় বোন ঢাকা নান্দনিকে মঞ্চনাটক করতেন। দুলাভাই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের সুবাদে আট-নয় বছর বয়স থেকেই মঞ্চের পরিবেশের সঙ্গে পরিচিত হন তিনি। তবে দীর্ঘ অভিনয়জীবনে কখনো মঞ্চনাটকে অভিনয় করা হয়নি তার।
১৯৮১ সালের ১১ জুলাই জন্ম পূর্ণিমার। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। শুরু থেকেই অভিনয় ও সৌন্দর্য দিয়ে দর্শকের নজর কাড়েন। রিয়াজের বিপরীতে জুটি বেঁধে ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘সুভা’, ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১০ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন পূর্ণিমা। ২০১৮ সাল থেকে উপস্থাপনা করছেন তারকাদের নিয়ে আলাপচারিতার অনুষ্ঠান ‘এবং পূর্ণিমা’।
মনোয়ারুল হক/
