উত্তম কুমারের নায়িকা সুলক্ষণা পণ্ডিত মারা গেছেন

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ নভেম্বর) : না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের এক সময়ের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত। গত বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। খবরটি তার ভাই সুরকার ললিত পণ্ডিত ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ললিত পণ্ডিত জানান, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুলক্ষণা। গত বৃহস্পতিবার রাত ৮টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এ ছাড়া শুক্রবার দুপুরে তার শেষকৃত্যের খবরটিও জানান ললিত।

সুলক্ষণা পণ্ডিতের বলিউড যাত্রা শুরু হয় গানের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে। ১৯৬৭ সালে ‘তকদির’ চলচ্চিত্রে তার ‘সাত সমুন্দর পার সে’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়। তিনি হিন্দির পাশাপাশি বাংলা, মারাঠি, ওডিশা, গুজরাটিসহ একাধিক ভাষায় গান গেয়েছেন। এর মধ্যে ১৯৮০ সালে তার গাওয়া অ্যালবাম ‘জজবাত’ তুমুল জনপ্রিয়তা পায়। এমনকি গজল শিল্পী হিসেবেও তার ভালো পরিচিতি ছিল।

উল্লেখ্য, ১৯৮৬ সালে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে আয়োজিত ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ান মিউজিক’ কনসার্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সুলক্ষণা। তিনি কিশোর কুমার, হেমন্ত কুমার, মোহাম্মদ রফি, শৈলেন্দ্র সিং, যেসুদাস, উদিত নারায়ণসহ খ্যাতনামা সব শিল্পীদের সঙ্গে কাজ করেছেন।

আর বলিউডে সুলক্ষণা অভিনয়ের মাধ্যমে অভিষেক করেন ১৯৭৫ সালে সঞ্জীব কুমারের বিপরীতে ‘উলঝন’ সিনেমায়। ক্যামেরার সামনে এসেই সাত ও আটের দশকে একাধিক হিন্দি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ‘সংকোচ’, ‘হেরাফেরি’, ‘আপনাপন’, ‘খানদান’, ‘চেহরে পে চেহরা’, ‘ধর্মকান্তা’ এবং ‘ওয়াক্ত কি দিওয়ার’-এর মতো জনপ্রিয় ছবিগুলো তার অভিনীত।

পাশাপাশি বাংলা ছবিতেও এই বলিউড তারকাকে দেখা গেছে। নায়িকা হয়েছেন উত্তম কুমারের। ১৯৭৮ সালে এই নায়িকা প্রথম উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন ‘বন্দী’ ছবিতে যা সমালোচক মহলেও ব্যাপক প্রশংসিত হয়েছিল। সঙ্গে জিতেন্দ্র, রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর ও শত্রুঘ্ন সিনহার মতো কিংবদন্তি অভিনেতাদের বিপরীতেও একাধিক ছবিতে কাজ করেছেন প্রয়াত সুলক্ষণা পণ্ডিত। তার প্রয়াণে সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ