ভাষা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগিয়ে যাবে দেশের অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ অক্টোবর): দক্ষ মানবসম্পদ তৈরিতে ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বিত বিকাশের ওপর বিশেষ জোর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাঁর মতে, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং জ্ঞান বিনিময়, দক্ষতা অর্জন এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নতির অন্যতম প্রধান হাতিয়ার। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্য অর্জনে দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

শনিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত চতুর্থ ‘ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মনের ভাব প্রকাশের পাশাপাশি ভাষা মানুষের সামাজিক অবস্থান ও সম্ভাবনার পরিধি অনেক প্রশস্ত করে। শিক্ষা, কর্মক্ষেত্র এবং পেশাগত জীবনে সফল হতে হলে নিজের চিন্তা ও অভিব্যক্তি স্পষ্টভাবে অন্যের কাছে তুলে ধরার সক্ষমতা অত্যন্ত জরুরি। তাই ভাষাশিক্ষাকে শুধু ভালো পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে, বাস্তব জীবনের যোগাযোগ ও দক্ষতা বৃদ্ধির কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে।

চীনের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, নিজ নিজ মাতৃভাষায় বৈজ্ঞানিক ও একাডেমিক পরিভাষা সমৃদ্ধ করা এবং সেই ভাষায় জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি করা যেকোনো জাতির সক্ষমতা বৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখে। বাংলাদেশকে মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ভাষাগুলোর ওপরও দক্ষতা অর্জন করতে হবে। এর ফলে বৈশ্বিক বাণিজ্য, আন্তর্জাতিক যোগাযোগ এবং জ্ঞান বিনিময়ে দেশের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার জাতীয় লক্ষ্য অর্জনে দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ জন্য ইংরেজি ও চীনা ভাষার মতো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ভাষার পাশাপাশি কারিগরি জ্ঞান এবং যোগাযোগ দক্ষতার সুযোগ আরও প্রসারিত করতে হবে। তরুণ প্রজন্মকে ভাষাশিক্ষার এই সাফল্যকে দক্ষতা উন্নয়নের বড় ভিত্তি হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে এ ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ জানান।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য বেনজীর আহমেদ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ