নেপালের নির্বাচন কমিশন প্রতিনিধিদলের সঙ্গে ইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ অক্টোবর): বাংলাদেশের তথ্যপ্রযুক্তি-সমর্থিত (আইটি-সাপোর্টেড) পোস্টাল ভোটদান পদ্ধতির অভিজ্ঞতা অর্জন করতে দেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে নেপাল নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ৩১৪ নম্বর কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ভোটিং কার্যক্রম এবং প্রবাসী ভোটারদের ভোটদানের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে নেপালের নির্বাচন ব্যবস্থায় পোস্টাল ভোট চালুর ক্ষেত্রে বাংলাদেশের এই সফল অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে দুই দেশের কর্মকর্তারা মতবিনিময় করছেন।

নেপালের প্রতিনিধিদলে অংশ নিয়েছেন দেশটির নির্বাচন কমিশনার ড. জনকী কুমারী তালুকদার ও ড. রাজীব সুব্বা, সচিব কৃষ্ণা প্রসাদ কাপরি, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে এবং ইউএনডিপির প্রতিনিধি প্রভাত কুমার রয়।

ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা, কারাবন্দি এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের অভিনব ব্যবস্থা করা হয়েছিল। এই প্রক্রিয়ার জন্য ইসি ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি বিশেষ অ্যাপ তৈরি করে। উক্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধনের পর ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হয়। পরবর্তীতে ভোটাররা ভোট সম্পন্ন করে ফেরত খামে তা পোস্ট অফিসে জমা দিলে, তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছে যায়।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন ভোটার নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ভোট প্রদান করেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন, যা নিবন্ধিত ভোটারের ৮০.১১ শতাংশ। পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে মোট ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি ব্যালট পৌঁছায়। এর মধ্যে প্রবাসী ভোটারদের ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি এবং দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের ৬ লাখ ৬৭ হাজার ৩৮৮টি ব্যালট গ্রহণ করা হয়।

প্রাপ্ত এই পোস্টাল ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি, যা মোট নিবন্ধিত ভোটারের ৭০.২৫ শতাংশ। বাংলাদেশের এই বিশাল কর্মযজ্ঞ ও সফল অভিজ্ঞতাকেই নেপালের ভবিষ্যৎ পোস্টাল ভোট ব্যবস্থাপনায় ব্যবহারের লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ