তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ অক্টোবর): ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের পথে রওনা হন।

বিমানবন্দরে তাকে উষ্ণ বিদায় জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন জামায়াত আমীর।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনটির যৌথ আয়োজক হিসেবে রয়েছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)।

উক্ত সম্মেলনে বাংলাদেশ ও তুরস্ক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।

তুরস্কে আয়োজিত এই সম্মেলন ও সফর শেষ করে ডা. শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ওমরাহ সম্পন্ন করে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ