রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ অক্টোবর): রোহিঙ্গাদের দ্রুততম সময়ে নিরাপদ, স্বেচ্ছাধীন এবং মর্যাদাপূর্ণ উপায়ে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে বৈশ্বিক উদ্যোগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ’ (এপিপিজি)-এর প্রধান ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি মজবুত করা ও চলমান সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের অবিচল সমর্থনের কথা স্মরণ করেন। এ ছাড়া যুক্তরাজ্য সংসদ, বাংলাদেশ সরকার এবং যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি জনগোষ্ঠীর মধ্যে মেলবন্ধন তৈরিতে এপিপিজির কার্যকর ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি দেশের চলমান উন্নয়ন এবং প্রকৃত অবস্থা ব্রিটিশ পার্লামেন্টে যথাযথভাবে তুলে ধরতে এপিপিজির সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।
আলোচনায় রোহিঙ্গা প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই দীর্ঘমেয়াদী সংকট কেবল মানবিক উদ্বেগের বেড়াজালে সীমাবদ্ধ নেই, বরং এটি আঞ্চলিক নিরাপত্তা এবং অনিয়মিত অভিবাসনের মতো বহুমাত্রিক ঝুঁকি তৈরি করছে।
এদিকে বুধবার (৭ অক্টোবর) রোহিঙ্গা শিবির পরিদর্শনের নিজেদের পরিকল্পনার কথা প্রতিমন্ত্রীকে জানান ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট উত্তরণে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে মানবিক সহযোগিতা টিকিয়ে রাখা এবং রোহিঙ্গাদের নিজস্ব ভূখণ্ডে স্থায়ী প্রত্যাবাসনের স্বার্থে ব্রিটিশ পার্লামেন্টসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন তারা।
উভয় দেশের সংসদীয় সহযোগিতা ও পারস্পরিক অংশীদারিত্ব আরও দৃঢ় করার পাশাপাশি বৈঠকে গণতান্ত্রিক ভিত্তি সুদৃঢ়করণ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অভিবাসন প্রক্রিয়া, দক্ষতা বৃদ্ধি এবং মানবাধিকারের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অগ্রাধিকার পায়।
পাশাপাশি দুই পক্ষই আঞ্চলিক ও বৈশ্বিক নানা সমসাময়িক বিষয়ে মতবিনিময় করেন এবং সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় মাধ্যমের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ব্রিটিশ এই প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে এমপি শওকত আদম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
