শিশু অধিকার দিবস-শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ অক্টোবর): ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হচ্ছে শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি)। এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে প্রধানমন্ত্রী পৌঁছালে ১৫০ জন শিশু ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক সূচনা হয় এবং প্রধানমন্ত্রী নির্ধারিতাসনে উপবেশন করেন।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। এছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে—
- শিশুদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান
- শিশুদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া
- স্মরণিকা ‘শৈশব’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন
- ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কথোপকথন
- শিশুদের আঁকা চিত্রকর্ম ও ফটো গ্যালারি পরিদর্শন
নির্ধারিত মূল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবন পরিদর্শন করবেন এবং এর নিচতলায় নবনির্মিত সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করার কথা রয়েছে।
মনোয়ারুল হক/
