২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনে ক্যাম্প ন্যুর অন্তর্ভুক্তি
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ অক্টোবর): ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ আয়োজনের প্রতিযোগিতায় নতুন করে যুক্ত হয়েছে এফসি বার্সেলোনার ঐতিহ্যবাহী স্টেডিয়াম ‘ক্যাম্প ন্যু’। শুরুর দিকে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কায় প্রস্তাবিত ‘হাসান-দ্বিতীয় স্টেডিয়াম’কে ফেভারিট মনে করা হলেও, এখন এই মর্যাদাপূর্ণ লড়াইটি মূলত তিনটি ভেন্যুর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
নবায়ন ও আধুনিকায়ন কাজ শেষে এই স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ১ লাখ ৫ হাজারে। সম্পূর্ণ পুনর্নির্মাণ প্রকল্পটি ২০২৮ সালের প্রথম তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া ইতোমধ্যে উয়েফা ২০২৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজক হিসেবেও ক্যাম্প ন্যু-কে নির্ধারণ করেছে।
বার্সেলোনা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ২০৩০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ক্যাম্প ন্যুতে আয়োজনের বিষয়ে অত্যন্ত জোরালো ও ইতিবাচক অবস্থান প্রকাশ করেছেন। তার মতে, মাদ্রিদের ভেন্যুর তুলনায় বার্সেলোনার এই বিশ্বমানের স্টেডিয়ামটি ফাইনাল আয়োজনের জন্য অধিক উপযোগী।
তবে ফিফা এখনো পর্যন্ত ফাইনাল ম্যাচের জন্য নির্দিষ্ট কোনো ভেন্যুর নাম চূড়ান্ত করেনি। স্পেনের পক্ষ থেকে বার্নাব্যু ও ক্যাম্প ন্যু—উভয় স্টেডিয়ামের নামই প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, মরক্কো সরকার ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার বিশাল আকৃতির ‘হাসান-দ্বিতীয় স্টেডিয়াম’ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে, যার কাজ শেষ হলে এটি বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়ামে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
মনোয়ারুল হক/
