বিবাহবিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ অক্টোবর): আলোচিত তারকা জুটি গায়ক-অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম তাদের দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানলেন। পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই তারা বিবাহবিচ্ছেদের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি যৌথ বিবৃতি পোস্ট করে ডিভোর্সের খবরটি নিশ্চিত করেন প্রীতম হাসান।
বিবৃতিতে এই জুটি উল্লেখ করেন, দীর্ঘ সময় একসঙ্গে কাটানো চমৎকার মুহূর্ত ও স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। একে অপরের প্রতি তাদের মনে এখনো ভালোবাসা, যত্ন ও সম্মান অটুট রয়েছে। তবে সময়ের পরিক্রমায় তারা বুঝতে পেরেছেন যে, মতের অমিল ও পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির কারণে আলাদা পথ বেছে নেওয়াই তাদের দুজনের জন্য মঙ্গলজনক হবে।
সব দিক গভীরভাবে ভেবেচিন্তে এবং উভয় পক্ষের পূর্ণ সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তারা আইনি বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন।
কঠিন এই সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে এবং পরিস্থিতি অনুধাবন করতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, ভক্ত ও শুভানুধ্যায়ীদের অবিচল সমর্থন ও সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা জুটি।
উল্লেখ্য, দীর্ঘ ৫ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর ২০২২ সালের ২৯ অক্টোবর মৌলভীবাজারের একটি বিলাসবহুল রিসোর্টে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রীতম ও শেহতাজ। ২০১৭ সালে প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওর শুটিং সেটে প্রথম পরিচয় ঘটে তাদের, যা পরবর্তীতে রূপ নেয় দীর্ঘ প্রেমের সম্পর্কে।
মনোয়ারুল হক/
