দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ অক্টোবর): আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির সুবাদে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিন অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশের ছুটির তারিখ পুনর্বিন্যাসের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। তবে এই ছুটির ক্ষতি পুষিয়ে নিতে আগামী ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দেশের সব সরকারি অফিস খোলা রাখা হবে। ২২ অক্টোবর ছুটি নির্ধারিত থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মজীবীরা।
অপর একটি উল্লেখযোগ্য সিদ্ধান্তে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্র অনুযায়ী, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে উদ্যাপন করা হবে।
মনোয়ারুল হক/
